রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
মার্কিন নিষেধাজ্ঞা

যতদিন প্রয়োজন যুদ্ধ চলবে মার্কিন নিষেধাজ্ঞায় আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ১০:৫৭ এএম

যতদিন প্রয়োজন যুদ্ধ চলবে মার্কিন নিষেধাজ্ঞায় আইআরজিসি

মার্কিন নিষেধাজ্ঞার ধারবাহিক চাপের মধ্যেও নিজস্ব ক্ষেপণাস্ত্র ও সমরাস্ত্র উৎপাদনের সরবরাহব্যবস্থা সম্পূর্ণ অক্ষত রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি স্পষ্ট জানিয়েছেন, যতদিন প্রয়োজন হবে, ঠিক ততদিনই যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম তেহরান।

প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন নিয়ে দেশের ভেতরে কোনো ধরনের উদ্বেগ নেই বলে জানান এই আইআরজিসি কর্মকর্তা। তার ভাষ্যমতে, ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সব উপাদান এখন দেশের ভেতরেই উৎপাদিত হচ্ছে এবং তেহরানের এসব উপাদান বিদেশে রপ্তানি করারও সক্ষমতা রয়েছে। সামরিক অভিযানের প্রয়োজনীয়তা এবং নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করেই সমরাস্ত্রের উন্নয়নে নতুনত্ব আনছে দেশটি। এ খাতে তারা এমন এক পরিপক্ব পর্যায়ে পৌঁছেছে, যেখানে সামরিক সরঞ্জাম তৈরিতে আর কোনো বিদেশি সহায়তার প্রয়োজন নেই।

নিজেদের তৈরি নকশাতেই এসব সমরাস্ত্র উৎপাদিত হচ্ছে উল্লেখ করে বালালি বলেন, অভিযানের ধরন অনুযায়ী তারা নিয়মিত উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার এই দাবি এমন এক সময়ে প্রকাশ্যে এলো, যখন ইরানের সামরিক সরবরাহব্যবস্থা দুর্বল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র নতুন করে চাপ প্রয়োগ করেছে। গত ২৯ সেপ্টেম্বর ইরানের সামরিক সরবরাহব্যবস্থায় সহায়তার অভিযোগে তেহরান, হংকং ও পাকিস্তানের মোট ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন অর্থ দপ্তর। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি উপদেষ্টার বক্তব্যে এটি পরিষ্কার যে পশ্চিমা অর্থনৈতিক ও সামরিক চাপের মুখেও নিজেদের সমরাস্ত্র উৎপাদন সচল রাখতে আত্মবিশ্বাসী ইরান।