আগস্ট ৮, ২০২৫, ০৯:৫৭ এএম
ফিলিস্তিনের গাজা শহর দখলের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি নতুন এবং 'ভয়ঙ্কর' পরিকল্পনা দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদন করেছে। এই পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার (৮ আগস্ট) সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে বলেন, “রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর হামাসকে পরাজিত করার প্রস্তাব অনুমোদন করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর দখল করার প্রস্তুতি নেবে, এবং এর পাশাপাশি লড়াইরত অঞ্চলের বাইরের বেসামরিক জনগোষ্ঠীর জন্য মানবিক সাহায্য নিশ্চিত করা হবে।”
আল-জাজিরা একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে অবরুদ্ধ হামাস যোদ্ধাদের নির্মূলের জন্য স্থল অভিযান চালানো হবে।
ওয়াশিংটন থেকে আল-জাজিরার সাংবাদিক শিহাব রাটটানসি জানান, গাজা দখলের এই পদক্ষেপের ইঙ্গিত গত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর এই পরিকল্পনাকে কার্যত সবুজ সংকেত দিয়েছেন।
নেতানিয়াহু এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়, তবে সেখানে কোনো সরকার গঠন করতে চায় না। বরং তারা একটি নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে তা কোনো তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে চায়।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন