শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

ইসরাইলের ৪ গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথিদের বড় হামলার দাবি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৫, ১১:৪৪ এএম

ইসরাইলের ৪ গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথিদের বড় হামলার দাবি

ছবি- সংগৃহীত

ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছে। গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো 'নৃশংসতার' জবাবে এই হামলা চালানো হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, এই হামলাটি ইসরাইলের চারটি স্থাপনায় চালানো হয়েছে। এগুলো হলো— হাইফা বন্দর, নেগেভ, উম্ম আল-রশরাশ (আইলাত) ও বিরসেবা। তিনি দাবি করেন, এই অভিযানে ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং সবগুলোই নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।

সামরিক মুখপাত্র আরও বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন ও অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে। তবে হুথিদের এই হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

হুথিদের এই হামলার পেছনের প্রেক্ষাপট হিসেবে গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলা ও অবরোধকে দায়ী করা হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৩১ জন ছিলেন ত্রাণের অপেক্ষায় থাকা মানুষ। একই সময়ে আরও ৫১৩ জন আহত হয়েছেন।

এছাড়া, গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। মন্ত্রণালয় জানায়, খাবারের অভাবে আরও পাঁচজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। এ নিয়ে গাজায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ২২৭ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৩ জনই শিশু।