সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৯:২৯ এএম
ইউরোপের দেশ পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।
এই ঘোষণার মধ্য দিয়ে পর্তুগাল ইউরোপের সেইসব দেশের কাতারে যোগ দিল, যারা ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়েছে। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরকালে ইঙ্গিত দিয়েছিলেন যে, তার দেশ এই বিষয়ে বিবেচনা করছে।
গত বছরের মে মাসে পর্তুগালের প্রতিবেশী দেশ স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে একযোগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তখন স্পেন ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোকে একই পদক্ষেপ নিতে অনুরোধ করলেও পর্তুগাল তখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।
বর্তমানে ২৭টি ইইউভুক্ত দেশের মধ্যে অল্প কয়েকটি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে কিছু সাবেক কমিউনিস্ট দেশ, সুইডেন এবং সাইপ্রাস। এদিকে, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন