সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০১:১৯ পিএম
ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে এই ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসসহ বিভিন্ন রাজ্যের মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল জুলিয়া রাজ্যের মেনে গ্রান্দে শহর থেকে ২৪ কিলোমিটার দূরে।
অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.১ এবং গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। ভেনেজুয়েলার যোগাযোগমন্ত্রী ফ্রেডি ন্যানেজ অবশ্য একই দিনে দুটি ভূমিকম্পের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে একটির মাত্রা ছিল ৫.৪।
ভেনেজুয়েলা ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত হওয়ায় এটি একটি ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটির প্রায় ৮০ শতাংশ মানুষ সক্রিয় ভূমিকম্প অঞ্চলেই বসবাস করেন।
গত শতকে দেশটিতে পাঁচটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে, যার মধ্যে ২০১৮ সালের ৭.২ মাত্রার ভূমিকম্পে ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন