সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জার্মান সেনাবাহিনী শক্তিশালী করার ঘোষণায় কড়া মন্তব্য পুতিনের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ১১:১৬ এএম

জার্মান সেনাবাহিনী শক্তিশালী করার ঘোষণায় কড়া মন্তব্য পুতিনের

ছবি - সংগৃহীত

ইউরোপের ক্রমবর্ধমান সামরিকীকরণে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সরাসরি অভিযোগ করেছেন, সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত এবং তারা আর সেই বিষয়টি গোপন করছে না।বৃহস্পতিবার (২ অক্টোবর) রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোচিতে পররাষ্ট্রনীতি বিষয়ক এক ফোরামে দেওয়া বক্তব্যে পুতিন বলেন,

ন্যাটো দেশগুলো নিজেরাই বিশ্বাস করে না যে রাশিয়া তাদের ওপর হামলা চালাবে। যদি বিশ্বাস করে, তবে তারা অযোগ্য; আর যদি না বিশ্বাস করে, তবে তারা কেবল অসৎ।ইউরোপের সামরিক সক্ষমতা বাড়ানো নিয়ে মস্কো যে গভীরভাবে নজর রাখছে, সে কথাই পরিষ্কার করে বলেছেন পুতিন। তিনি বলেন, ইউরোপ ক্রমাগত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং এর দ্রুত জবাব দেবে রাশিয়া।তিনি জার্মান সেনাবাহিনীর শক্তি বৃদ্ধির বিষয়টি উদাহরণ হিসেবে টেনে আনেন।

পুতিন বলেন, "জার্মানিতে বলা হচ্ছে তাদের সেনাবাহিনী ইউরোপের সবচেয়ে শক্তিশালী বাহিনী হবে। খুব ভালো। আমরা সেটা শুনেছি এবং এর মানে দেখছি।"তাঁর দাবি, ইউরোপ ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে, যাতে সামরিক ব্যয় বাড়ানো যায়। তবে তিনি ইউরোপকে এই বার্তাও দেন যে, "শান্ত হোন, রাশিয়া কোনো হুমকি নয়।"পুতিনের মতে, ইউক্রেন যুদ্ধ এখন আর শুধু ইউক্রেন-রাশিয়ার মধ্যে নেই।

তিনি দাবি করেন, "সব ন্যাটো দেশই এখন আমাদের সঙ্গে যুদ্ধ করছে।" তিনি যুক্তি দেখান যে, গোয়েন্দা তথ্য দেওয়া ও অস্ত্র পাঠানোর মাধ্যমেই ন্যাটো মিত্ররা বাস্তবে এই যুদ্ধে অংশ নিচ্ছে। ইউক্রেন ও ন্যাটো মিত্ররা ইচ্ছাকৃতভাবে রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের মিথ্যা অভিযোগ করছে বলেও তিনি দাবি করেন।

পাশাপাশি, পুতিন ইউক্রেনকে সতর্ক করে বলেছেন, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে তারা বিপজ্জনক খেলা খেলছে। তিনি ইঙ্গিত দেন, এর জবাবে রাশিয়া ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন পারমাণবিক স্থাপনায় পাল্টা আঘাত হানতে পারে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে পুতিন জানান, গত আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে ইউক্রেন যুদ্ধ সমাধান ও দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি ট্রাম্প সম্পর্কে মন্তব্য করেন, "ট্রাম্প এমন একজন মানুষ, যিনি কথা শুনতে পারেন।"