সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ট্রাম্প, সোমবার ইসরায়েলে ভাষণ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ১০:৩০ পিএম

মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ট্রাম্প, সোমবার ইসরায়েলে ভাষণ

ছবি - সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে নিজের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে উদযাপন করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। হোয়াইট হাউস জানিয়েছে, তিনি আগামীকাল রোববার (১২ অক্টোবর) রাতে ইসরায়েল ও মিশরের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করবেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার সকালে ইসরায়েলে পৌঁছাবেন এবং দেশটির পার্লামেন্ট ‘নেসেট’-এ একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এরপর তিনি মিশরে যাবেন, যেখানে গাজা শান্তি চুক্তির একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সফরের মাধ্যমে ট্রাম্প নিজেকে ‘মধ্যপ্রাচ্যের শান্তির দূত’ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। মাত্র একদিন আগেই নোবেল শান্তি পুরস্কারে ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাডোর নাম ঘোষিত হওয়ায় ট্রাম্প প্রশাসন ক্ষোভ প্রকাশ করেছিল। তাদের দাবি ছিল, গাজা যুদ্ধবিরতির মতো সাফল্য অর্জন করায় ট্রাম্পই এই পুরস্কারের যোগ্য দাবিদার ছিলেন।

গাজা যুদ্ধবিরতির পর ইসরায়েল ও হামাস উভয় পক্ষই ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছে। এই সফরের মাধ্যমে ট্রাম্প সেই কূটনৈতিক সাফল্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান বলে মনে করা হচ্ছে। সোমবার জিম্মি মুক্তির সময়সীমা শেষ হওয়ার মুহূর্তে তার ইসরায়েল সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।