বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ফের উত্তপ্ত পাক-আফগান সীমান্ত, যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানের বিমান হামলা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ০৯:৪৩ এএম

ফের উত্তপ্ত পাক-আফগান সীমান্ত, যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানের বিমান হামলা

ছবি - সংগৃহীত

আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষ থেকে ‘অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি’ ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান আবারও আফগান ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে এই বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন।

আফগান বার্তা সংস্থা খামা প্রেস এবং জাতীয় রেডিও-টেলিভিশন জানিয়েছে, শুক্রবার রাতের দিকে পাকিস্তানি ড্রোন পাকতিকা প্রদেশের উরগুন এবং বারমাল জেলার আবাসিক এলাকায় বোমাবর্ষণ করে। এতে ছয়জন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ শুক্রবার সকালেই এক ঘোষণায় জানিয়েছিলেন যে, পাকিস্তান নতুন করে কোনো উসকানি না দিলে আফগানিস্তান আর কোনো হামলা চালাবে না।

কিন্তু এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে এই বিমান হামলার ঘটনা ঘটল।পাকতিকার স্থানীয় কর্মকর্তারা এই হামলাকে ‘বিনা উসকানিতে আফগানিস্তানের ভৌগলিক অখণ্ডতার লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। তারা নিশ্চিত করেছেন, এই হামলার পরপরই আফগান সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তানের দিকে পাল্টা গোলাবর্ষণ শুরু করেছে, যার ফলে সীমান্তে আবারও তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

এই সংঘাতের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করে চলেছে। আফগানিস্তান অভিযোগ করছে, পাকিস্তান তাদের ভূখণ্ডে আইএস (আইএসআইএস) জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। অন্যদিকে, পাকিস্তান দাবি করছে, আফগানিস্তানের ভূখণ্ড থেকে পাকিস্তানি তালেবান (টিটিপি) পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং কাবুল সরকার তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের মধ্যে ‘বিশ্বাসের অভাব’ চরমে পৌঁছেছে, যার ফলে যেকোনো যুদ্ধবিরতির ঘোষণাই ভঙ্গুর হয়ে পড়ছে এবং সাধারণ মানুষ এর নির্মম শিকার হচ্ছেন।