অক্টোবর ১৮, ২০২৫, ০১:০২ পিএম
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় প্রতিবাদকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী বলপ্রয়োগের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান এই ঐতিহাসিক বিচার প্রক্রিয়া বিশ্ব গণমাধ্যমের নজরে রয়েছে।
৭৮ বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারবিরোধী আন্দোলন দমনের জন্য নিরাপত্তা বাহিনীকে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, সেই অভিযানে প্রায় ১,৪০০ জন নিহত হয়েছিলেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার যুক্তিতর্কে বলেন, “আমরা আদালতে ফোনালাপের রেকর্ড, অডিও-ভিডিও প্রমাণ এবং সাক্ষ্য উপস্থাপন করেছি, যা দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে যে, শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি ১,৪০০ মানুষের মৃত্যুর জন্য দায়ী এবং আমরা তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করছি।”অভিযোগে আরও বলা হয়েছে, শেখ হাসিনা নিহতদের মরদেহ গুম করার এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করার নির্দেশ দিয়েছিলেন।
গত ৫ আগস্ট হেলিকপ্টারেযোগে দেশত্যাগের পর থেকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হয়। তবে, এই মামলার অন্যতম প্রধান আসামি, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গ্রেপ্তার হয়ে রাজসাক্ষী হয়েছেন। তিনি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন যে, শেখ হাসিনার নির্দেশে তিনি বিক্ষোভ দমনে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সমন্বয় করেছিলেন।
এদিকে, এই বিচার প্রক্রিয়াকে ‘একটি সাজানো প্রহসন’ বলে মন্তব্য করেছেন শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধেও বাংলাদেশে দুর্নীতির অভিযোগে মামলা রয়েছে।ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। আগামী সপ্তাহ থেকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপন শুরু হবে এবং নভেম্বরের মধ্যেই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হতে পারে বলে আশা করা হচ্ছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন