অক্টোবর ১৮, ২০২৫, ০৫:৪৭ পিএম
মিশরে বিশ্বনেতাদের স্বাক্ষরিত ঐতিহাসিক গাজা যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। চুক্তি কার্যকর হওয়ার পর গত আট দিনে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় গাজার জেইতুন মহল্লায়।
গাজার নাগরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, আবু শাবান নামক একটি ফিলিস্তিনি পরিবার তাদের ধ্বংস হয়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাওয়ার সময় তাদের বহনকারী বেসামরিক গাড়িটির ওপর ইসরায়েলি ট্যাংক সরাসরি শেল নিক্ষেপ করে। এতে একই পরিবারের ১১ জন নিহত হন, যাদের মধ্যে ৭ জনই শিশু।
গাজার নাগরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এই ঘটনাকে একটি ‘ইচ্ছাকৃত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন। হামাস এই ঘটনাকে "গণহত্যা" হিসেবে আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মধ্যস্থতাকারীদের প্রতি ইসরাইলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে।যুদ্ধবিরতির পরও এই ধরনের হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানেজ।
এদিকে, ইসরাইল শুধু হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, তারা গাজায় মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, যুদ্ধবিরতির পর গাজায় যে পরিমাণ খাদ্য সহায়তা প্রবেশ করছে, তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য, যার ফলে গাজার বহু এলাকা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন