সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

যুদ্ধবিরতি বজায় রাখতে আফগানিস্তানকে কড়া শর্ত দিল পাকিস্তান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ১২:২২ পিএম

যুদ্ধবিরতি বজায় রাখতে আফগানিস্তানকে কড়া শর্ত দিল পাকিস্তান

ছবি - সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কয়েক দিনের রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতের পর অর্জিত ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে এবার কড়া হুঁশিয়ারি উচ্চারণ করল ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, “ইসলামাবাদ ও কাবুলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি টিকে থাকা নির্ভর করছে পাকিস্তানে আক্রমণকারী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে আফগান তালেবান কতটা সক্ষম হবে, তার ওপর।”

মঙ্গলবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, খাজা আসিফ স্পষ্ট করে বলেছেন, “যুদ্ধবিরতি চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে কোনো অনুপ্রবেশ ঘটবে না। যতক্ষণ পর্যন্ত চুক্তির কোনো লঙ্ঘন না হয়, ততক্ষণ পর্যন্ত তা বহাল থাকবে।”

পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানের ভূখণ্ড থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে এবং আফগান তালেবান তাদের মৌন সমর্থন দিচ্ছে।এর আগে, গত সপ্তাহে পাকিস্তান এই অভিযোগেই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। এর জবাবে আফগান বাহিনীও পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘাত শুরু হয়, যা ছিল ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর সবচেয়ে ভয়াবহ।

এই সংঘাতে উভয় পক্ষে সেনা ও বেসামরিক নাগরিকসহ বহু হতাহতের ঘটনা ঘটে। পরবর্তীতে কাতারের মধ্যস্থতায় দোহায় উভয় পক্ষ ‘অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি’তে সম্মত হয়।তবে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই নতুন শর্তারোপে এটা স্পষ্ট যে, যুদ্ধবিরতিটি অত্যন্ত ভঙ্গুর এবং টিটিপিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিশ্বাসহীনতা চরমে পৌঁছেছে।