অক্টোবর ২১, ২০২৫, ০২:৩৫ পিএম
চিকিৎসা বিজ্ঞানে এক ঐতিহাসিক সাফল্যের নজির গড়ল সৌদি আরব। রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের (KFSH&RC) সার্জনরা বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো একটি রোবোটিক বাহু ব্যবহার করে সফলভাবে ব্রেন টিউমার অপসারণ করেছেন।মঙ্গলবার (২১ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, এই যুগান্তকারী অস্ত্রোপচারটি ৬৮ বছর বয়সী একজন ব্যক্তির ওপর করা হয়
যিনি তীব্র মাথাব্যথাসহ মস্তিষ্কের নানা জটিলতায় ভুগছিলেন। পরীক্ষায় তার মস্তিষ্কে ৪.৫ সেন্টিমিটারের একটি টিউমার ধরা পড়ে।হাসপাতালের সার্জন ড. হোমুদ আল-দাহাশের নেতৃত্বে চিকিৎসক দলটি মাত্র এক ঘণ্টার এই জটিল অস্ত্রোপচারে রোবোটিক সিস্টেম ব্যবহার করেন। এই প্রযুক্তিতে সার্জনরা থ্রি-ডি অপটিক্যাল সিস্টেমের মাধ্যমে মস্তিষ্কের প্রতিটি অংশ আরও বড় ও স্পষ্টভাবে দেখতে পান, যা তাদের অস্ত্রোপচারের সময় সর্বোচ্চ নির্ভুলতার সঙ্গে টিউমারটি অপসারণ করতে সহায়তা করে।
চিকিৎসকদের অবাক করে দিয়ে, রোগী অস্ত্রোপচারের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ সজ্ঞান অবস্থায় হাসপাতাল থেকে ছাড়া পান, যা নিউরোসার্জারির ক্ষেত্রে একটি নতুন মাইলফলক।ড. আল-দাহাশ বলেন, “রোবোটিক সিস্টেমের মাধ্যমে অত্যন্ত নির্ভুলভাবে কাজ করা যায়। অপারেশনের পরদিনই রোগীর সম্পূর্ণ সচেতন হওয়া এবং কোনো ধরনের জটিলতা না থাকাটা নিউরোসার্জিক্যাল উদ্ভাবনের জন্য একটি যুগান্তকারী ঘটনা।”
উল্লেখ্য, এই হাসপাতালটি এর আগেও বিশ্বের প্রথম রোবোটিক হার্ট ট্রান্সপ্ল্যান্ট এবং রোবোটিক লিভার ট্রান্সপ্ল্যান্ট করে চিকিৎসা বিজ্ঞানে ইতিহাস সৃষ্টি করেছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন