সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়ল একাধিক ভবন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ১০:৪১ এএম

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়ল একাধিক ভবন

তুরস্কের পশ্চিমাঞ্চল আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। এই ভূমিকম্পের ফলে কমপক্ষে তিনটি আবাসিক ভবন ও একটি দোকান ধসে পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভূমিকম্পের সময় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে ছোটাছুটি করতে গিয়ে অন্তত ২২ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে দেশটির বালিকেসির প্রদেশের সিনদিরগি শহরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে তুরস্কের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা (এএফএডি)। তিন মাসেরও কম সময়ের মধ্যে এই অঞ্চলে এটি দ্বিতীয় বড় ধরনের ভূমিকম্প। ভূমিকম্পের পর ওই এলাকায় বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়, যার কম্পন দেশটির অর্থনৈতিক রাজধানী ইস্তাম্বুল, পর্যটন শহর ইজমির এবং নিকটবর্তী বুরসা ও মানিসা প্রদেশেও ছড়িয়ে পড়ে।

দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বালিকেসিরের গভর্নর ইসমাইল উস্তাওগলু নিশ্চিত করেছেন যে, ভূমিকম্পের সময় আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে ২২ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর অনেক মানুষ আতঙ্কে ঘরে ফিরতে ভয় পাচ্ছিলেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এক বিবৃতিতে বলেছেন, ভূমিকম্পের পরপরই যে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখান থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। মানুষজনকে সরিয়ে নেওয়ার কিছুক্ষণ পরই ভবনগুলো ধসে পড়ে। এর মধ্যে তিনটি আবাসিক ভবন ও একটি দুই তলা দোকান রয়েছে। আগেভাগেই সরিয়ে নেওয়ায় সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে গত ১০ আগস্ট সিনদিরগি শহরে ঠিক একই (৬.১) মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তুরস্ক বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ একটি দেশ। দেশটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এক ভয়াবহ প্রলয়ংকরী ভূমিকম্পের কবলে পড়েছিল, যাতে অন্তত ৫৩ হাজার মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছিল।