রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে ভারতের কড়া বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৬:৪০ পিএম

জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে ভারতের কড়া বার্তা

প্রখ্যাত ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েকের আগামী নভেম্বর মাসে ঢাকায় আসার খবরের বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। জাকির নায়েক ভারতে একজন 'পলাতক আসামি' এবং 'নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ' উল্লেখ করে নয়াদিল্লি আশা প্রকাশ করেছে যে, তিনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এলে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল ৩০ অক্টোবর এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘জাকির নায়েক ভারতে পলাতক আসামি। তিনি আমাদের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ। আমরা আশা করি, তিনি যেখানেই যান, সংশ্লিষ্ট দেশ (বাংলাদেশ) প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে।’২০১৬ সাল পর্যন্ত জাকির নায়েক ভারতে অবস্থান করলেও, মোদি সরকারের আমলে তার বিরুদ্ধে ‘ঘৃণামূলক বক্তব্য’ দেওয়া এবং ‘অর্থপাচার’-এর অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়।

তার পরিচালিত পিস টিভির সম্প্রচারও ভারতে বন্ধ করে দেওয়া হয়। সেই সময়েই তিনি ভারত ত্যাগ করে মালয়েশিয়ায় আশ্রয় গ্রহণ করেন এবং দেশটির স্থায়ীভাবে থাকার অনুমতি (পার্মানেন্ট রেসিডেন্সি) পান। জাকির নায়েক বরাবরই তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন এবং ভারতে ন্যায়বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত দেশে ফিরবেন না বলে জানিয়েছেন।

সম্প্রতি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, ‘স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট’, ঘোষণা দেয় যে আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে ড. জাকির নায়েকের। অনুষ্ঠানটি রাজধানীর আগারগাঁও এলাকায় অনুষ্ঠিত হতে পারে বলেও জানা গেছে।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার পর হামলাকারীদের কেউ কেউ জাকির নায়েকের বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই পরিপ্রেক্ষিতে তৎকালীন বাংলাদেশ সরকার তার পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয় এবং তার বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই বিধিনিষেধ শিথিল হয়েছে বা তুলে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।