মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৮:৪৩ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন দেখা দিয়েছে। মূল্যবান এই ধাতুটির দাম কমে আউন্সপ্রতি ৪ হাজার ডলারের কাছাকাছি নেমে এসেছে। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার আরও কমানো হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ডলারের মান তিন মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে, যা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করেছে। তবে এই পতন সত্ত্বেও, টানা তৃতীয় মাসের মতো স্বর্ণ লাভের ধারায় রয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টার দিকে আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৯ দশমিক ২৪ ডলারে দাঁড়ায়। যদিও মাসজুড়ে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ। একই সময়ে, ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ২০ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়।

ডলার সূচক তিন মাসের সর্বোচ্চ পর্যায়ে থাকায় ডলারে নির্ধারিত স্বর্ণ অন্যান্য মুদ্রাধারীদের জন্য কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েলের কড়া মন্তব্যের পর ডলার শক্তিশালী হয়েছে, যার ফলে স্বর্ণের দাম কমেছে।

বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে নির্ধারণ করে। তবে ফেড চেয়ারম্যান পাওয়েল ইঙ্গিত দিয়েছেন, ডিসেম্বর মাসে সুদের হার আরও কমানোর বিষয়ে কর্মকর্তারা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরে আরও একটি হার কমানোর সম্ভাবনা এক সপ্তাহ আগের ৯১ শতাংশ থেকে কমে এখন ৬৭ শতাংশে নেমে এসেছে।

এছাড়া, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য আলোচনায় অগ্রগতির কারণেও স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগের চাহিদা কিছুটা কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের ওপর আরোপিত শুল্ক কিছুটা কমাতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে।তবে বিশ্লেষকদের মতে, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র-চীনের দীর্ঘমেয়াদী টানাপোড়েনের কারণে স্বর্ণের বাজার এখনো ইতিবাচক ধারায় রয়েছে।

এদিকে, বিশ্ববাজারে অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভার শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪৯ দশমিক ০২ ডলার, প্লাটিনাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৫৯৬ দশমিক ৬০ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৪৬০ দশমিক ৯৫ ডলারে লেনদেন হয়।

অন্যদিকে, দেশের বাজারে বর্তমানে (৩১ অক্টোবর) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৯৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা রয়েছে।