মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি সই

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৯:৫০ পিএম

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি সই

ভারত ও যুক্তরাষ্ট্র আগামী দশ বছর ধরে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কাঠামোগত চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। শুক্রবার (৩১ অক্টোবর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই চুক্তির প্রধান লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় দুই দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, চুক্তিটি দুই দেশের মধ্যে “সমন্বয়, তথ্য ভাগাভাগি এবং প্রযুক্তিগত সহযোগিতা” বৃদ্ধির পথ প্রশস্ত করবে। তিনি আরও উল্লেখ করেন, এটি “আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধ ক্ষমতা” জোরদার করতেও সহায়ক হবে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই চুক্তিকে দুই দেশের "ক্রমবর্ধমান কৌশলগত অভিন্নতার প্রতিফলন" হিসেবে অভিহিত করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, "এই চুক্তি অংশীদারিত্বের একটি নতুন দশকের সূচনা করবে। প্রতিরক্ষা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে থাকবে। একটি মুক্ত, উন্মুক্ত ও নিয়ম-ভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার জন্য আমাদের এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

বিশ্লেষকরা ধারণা করছেন, এই চুক্তির মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্কের সমগ্র পরিসরে, অর্থাৎ সামরিক সরঞ্জাম ক্রয়-বিক্রয় থেকে শুরু করে যৌথ মহড়া পর্যন্ত, একটি দীর্ঘমেয়াদী নীতিগত দিকনির্দেশনা তৈরি হবে।ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী জানিয়েছেন, চুক্তিটি মূলত গত জুলাই-আগস্ট মাসেই সই হওয়ার কথা ছিল। তবে সে সময় পাকিস্তান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া কিছু অবস্থান নিয়ে ভারতের তীব্র অসন্তুষ্টি ছিল। সেই কূটনৈতিক টানাপোড়েনের কারণেই এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর প্রক্রিয়া বিলম্বিত হয়েছিল বলে তিনি জানান।