রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দুর্বল শাসনই বাংলাদেশে সরকার পতনের কারণ: অজিত দোভাল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ১১:৩১ এএম

দুর্বল শাসনই বাংলাদেশে সরকার পতনের কারণ: অজিত দোভাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল মন্তব্য করেছেন, দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের মূল কারণ। তিনি বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সাম্প্রতিক অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও একই ধরনের প্রশাসনিক দুর্বলতাকে দায়ী করেছেন।শনিবার (১ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে অজিত দোভাল এ কথা বলেন।

তিনি বলেন, একটি রাষ্ট্রের প্রকৃত শক্তি নিহিত থাকে তার কার্যকর শাসন ব্যবস্থার মধ্যে, যা জনগণের আস্থা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। তার মতে, আজকের দিনের প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা, কারণ বর্তমান নাগরিকরা এখন অনেক বেশি সচেতন এবং তাদের প্রত্যাশাও অনেক বেশি।

অজিত দোভাল আরও বলেন, একটি জাতির আসল শক্তি তার শাসন কাঠামোতে। সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন সেই ব্যক্তিরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন, যারা এই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলেন এবং দক্ষতার সঙ্গে পরিচালনা করেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করছে—যা নতুন শাসন মডেল, উন্নত সমাজ কাঠামো এবং নতুন বৈশ্বিক অবস্থানের জানান দিচ্ছে। তিনি আরও বলেন, দুর্নীতি দমনে ভারত সরকার যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে, তা দেশে ইতিবাচক প্রভাব ফেলছে।

ভালো শাসনের মূল উপাদান হিসেবে দোভাল নারীর সুরক্ষা, সমতা ও ক্ষমতায়নকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তি যেমন জনসেবার দক্ষতা বাড়ায়, তেমনি এটি সাইবার হুমকিও তৈরি করে, যা থেকে আমাদের সজাগ থাকতে হবে।