নভেম্বর ১, ২০২৫, ০৪:৫৫ পিএম
তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে দেশটির বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনে পুনরায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, হাসান প্রায় ৯৭.৬৬ শতাংশ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তবে এই নির্বাচনকে ঘিরে ব্যাপক জালিয়াতির অভিযোগ এবং দেশজুড়ে সহিংসতা দেখা দিয়েছে। শনিবার (০১ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট হাসানের শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবারই অনুষ্ঠিত হবে। অভিযোগ উঠেছে, নির্বাচনে তার বেশিরভাগ শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে আগেই বিভিন্ন অজুহাতে বাদ দেওয়া হয়েছিল। প্রধান বিরোধী দল চাদেমাকে নির্বাচনে অংশগ্রহণই করতে দেওয়া হয়নি।
ফলাফল ঘোষণার পর থেকেই রাজধানী দোদোমা ও অন্যান্য প্রধান শহরগুলোতে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট হাসানের ব্যানার ছিঁড়ে ফেলে এবং কিছু সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও গুলি চালিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করছে।
নিষিদ্ধ ঘোষিত বিরোধী দল চাদেমা জানিয়েছে, হাসপাতাল ও ক্লিনিক থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, দেশব্যাপী নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত প্রায় ৭০০ জন নিহত হয়েছে। তবে সরকার এই সংখ্যা পুরোপুরি অস্বীকার করেছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, তাদের কাছে থাকা বিশ্বাসযোগ্য প্রতিবেদন অনুযায়ী, অন্তত তিনটি শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
তানজানিয়া সরকার অবশ্য কোনো ধরনের সহিংসতা বা প্রাণহানির অভিযোগ অস্বীকার করেছে। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ থাবিত কম্বো আল জাজিরাকে বলেন, ‘নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা বাহিনী কোনো অতিরিক্ত বলপ্রয়োগ করেনি। সরকারের কাছে নিহতদের বিষয়ে কোনো সরকারি পরিসংখ্যান নেই।’
মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, ভোটের আগে থেকেই সরকার দেশে ‘ভয় ও সন্ত্রাসের পরিবেশ’ তৈরি করেছিল। নির্বাচনী সংস্কারের জোরালো দাবি তোলার পর প্রধান বিরোধী নেতা টুন্ডু লিসুকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাগারে পাঠানো হয়, ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। আরেক বিরোধী নেতা লুহাগা এমপিনাকেও প্রার্থী হতে দেওয়া হয়নি।২০২১ সালে সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট পদ থেকে দেশের প্রথম নারী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন সামিয়া সুলুহু হাসান। এবারের নির্বাচনে তিনি ছোট ছোট ১৬টি দলের প্রার্থীর বিরুদ্ধে লড়েছেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, ‘তানজানিয়ার পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, বিশেষ করে বিক্ষোভের সময় প্রাণহানি ও আহত হওয়ার খবরগুলো অত্যন্ত উদ্বেগজনক।’ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মানবাধিকার সংস্থাগুলো এখন এই নির্বাচন প্রক্রিয়া ও সহিংসতা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন