নভেম্বর ২, ২০২৫, ১২:০৮ পিএম
সুদানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি, বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় উত্তর দারফুর প্রদেশের রাজধানী এল-ফাশেরে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের বার্তা সংস্থা মেহেরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সুদানের পররাষ্ট্রমন্ত্রী মোহি আল-দিন সালেমের সাথে ফোনে এ বিষয়ে কথা বলেছেন। ফোনালাপে তিনি সুদানের আঞ্চলিক অখণ্ডতার প্রতি তেহরানের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ‘নিরীহ বেসামরিক নাগরিকদের মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য ইরানের পক্ষ থেকে গভীর দুঃখ ও উদ্বেগ এবং সুদানের প্রতি ইরানের সংহতি প্রকাশ করছি।
পশ্চিমা দেশগুলোর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘কেউ কেউ কিছু সন্ত্রাসীকে ‘ভালো’ এবং কিছু সন্ত্রাসীকে ‘খারাপ’—এই দুই ভাগে বিভক্ত করে এবং যারা তাদের স্বার্থের পক্ষে কাজ করে, শুধু তাদের সমর্থন জানানোর মতো ঘৃণ্য কাজ করে।’ইরানের শীর্ষ এই কূটনীতিক জোর দিয়ে বলেন, ‘পশ্চিমা সরকারগুলো দীর্ঘদিন ধরে যে নিন্দনীয় দ্বিমুখী নীতি অনুসরণ করে আসছে, ২০২৫ সালে এসে এর কোনো স্থান নেই।’ তিনি আরও বলেন, ‘নিরপরাধ মানুষের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং সহিংসতা, বিশ্বের যেখানেই ঘটুক না কেন, তা অবশ্যই বর্জনীয়।’
২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) রক্তক্ষয়ী লড়াই চলছে। গত রোববার (২৬ অক্টোবর) আরএসএফ যোদ্ধারা গুরুত্বপূর্ণ শহর এল-ফাশের দখল করে নেয়। এরপর থেকেই শহরটিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, ত্রাণকর্মীদের ওপর হামলা, লুটপাট এবং অপহরণের মতো ভয়াবহ মানবিক বিপর্যয়ের খবর আসছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন