মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ১০:০৭ এএম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

উত্তর আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বালখ প্রদেশের মাজার-ই-শরীফ শহরের কাছে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত এবং ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার (০২ নভেম্বর) দিবাগত রাতে মাজার-ই-শরীফের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ২৮ কিলোমিটার।মাজার-ই-শরীফের সামাঙ্গান এলাকার স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জয়ান্দা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত মোট ১৫০ জন আহত এবং সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছে।

প্রায় ৫ লাখ ২৩ হাজার জনসংখ্যার শহর মাজার-ই-শরীফে ভূমিকম্পের পর তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা তাদের ঘরবাড়ি ভেঙে পড়ার ভয়ে মধ্যরাতেই আতঙ্কে রাস্তায় ছুটে আসেন।

বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানিয়েছেন, ভূমিকম্পের আঘাতে বিশ্বখ্যাত পবিত্র মাজার-ই-শরীফ (ব্লু মসজিদ)-এর কিছু অংশও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে হতাহত ও মোট ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।