নভেম্বর ১১, ২০২৫, ০৬:৪১ পিএম
দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর রচিত বহুল প্রচারিত গ্রন্থ ‘এক নজরে কুরআন’ নকল ও পাইরেসি করে বাজারে বিক্রির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত স্ব-প্রণোদিত হয়ে এই আদেশ দেন।
আদালত বিষয়টি তদন্ত করে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবিকে নির্দেশ দিয়েছেন।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর আদালতে দায়ের করা একটি মামলার শুনানি ও আদেশের প্রেক্ষাপটে এবং টেলিভিশনে ‘চুরি বিদ্যা’ শিরোনামে প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদন আদালতের নজরে আসে। ওই প্রতিবেদনে দেখানো হয় যে, রাজধানীর বায়তুল মোকাররম, পুরানা পল্টন ও মিরপুরসহ বিভিন্ন স্থানে মিজানুর রহমান আজহারীর বইটি নকল করে পাইরেটেড কপি দেদারসে বিক্রি হচ্ছে।
প্রতিবেদনে আরও উঠে আসে যে, মামলার বাদী মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতিষ্ঠান বিশ্বকল্যাণ পাবলিকেশন্স কর্তৃক বইটির নকল কপি বাজারে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে, যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তা অস্বীকার করেছে। এর আগে ১০ নভেম্বর উপযুক্ত প্রমাণের অভাবে একটি মামলা খারিজ করা হয়েছিল।
আদালত তার পর্যবেক্ষণে বলেন, মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর মতো একজন জননন্দিত আলেমের বই নকল করে বাজারজাত করা বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী একটি ফৌজদারি অপরাধ। এটি কপিরাইট আইন ও দণ্ডবিধির পৃথক ধারায় আমলযোগ্য এবং বিচারযোগ্য অপরাধ। তাই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে এবং বইটির মেধাস্বত্ব রক্ষায় ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আদালতের এই স্ব-প্রণোদিত আদেশ পাইরেসি রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন