নভেম্বর ১২, ২০২৫, ১০:৪২ এএম
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত ২২ জন বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বুধবার অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নতুন স্থায়ী নিয়োগ পাওয়া এই বিচারপতিদের শপথ বাক্য পাঠ করাবেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন মূলে এই ২২ জনকে স্থায়ী করা হয়েছে।
বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই নিয়োগ প্রদান করেছেন।তবে গত বছর নিয়োগ পাওয়া ২৩ জন অতিরিক্ত বিচারপতির মধ্য থেকে একজনকে স্থায়ী করা হয়নি। তিনি হলেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তিনি ৪৫ বছর বয়স পূর্ণ করলে তাকে স্থায়ী বিচারপতি হিসেবে বিবেচনা করা হবে।
স্থায়ী বিচারপতি হিসেবে যারা আজ শপথ নেবেন: বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান,
বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।
উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর এই ২২ জনসহ মোট ২৩ জন বিচারপতি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে নতুন জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর বিধান অনুসারে গঠিত সুপ্রিম জুডিসিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশক্রমে এই স্থায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন