সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রায়ের তারিখ ঘোষণার প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ১২:৫৭ পিএম

রায়ের তারিখ ঘোষণার প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ ১৭ নভেম্বর নির্ধারণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

রায় ঘোষণার মাধ্যমে মামলাটি চূড়ান্ত পর্যায়ে আসায় তিনি প্রসিকিউশন দল এবং এই মামলার ভুক্তভোগীসহ গোটা জাতির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তাজুল ইসলাম তার প্রত্যাশার কথা তুলে ধরেন।

তিনি আশা প্রকাশ করেন যে আগামী ১৭ নভেম্বরের রায়ে আদালত তার সুবিবেচনা, প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির বিচারের জন্য যে আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা রয়েছে সেটার প্রতি তারা সুবিচার করবেন। তিনি জোর দিয়ে বলেন যে বাংলাদেশের ইতিহাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে এই রায় একটি মাইলফলক হয়ে থাকবে।

চিফ প্রসিকিউটর আরও জানান, তিনি এমন একটি রায় প্রত্যাশা করছেন যা সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি ইতি ঘটাবে। তিনি বলেন, ভবিষ্যতে যেন এই ধরনের অপরাধ সংঘটিত হতে না পারে, তার জন্য এই রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে। এই মামলাটি চূড়ান্ত পর্যায়ে আসার পেছনে প্রসিকিউশনের যেসব সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের কঠোর পরিশ্রম ও আন্তরিকতার প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় আগামী সোমবার ঘোষণা করা হবে। এই মামলার রায়ের অপেক্ষায় রয়েছে দেশের রাজনৈতিক মহল ও সাধারণ জনগণ।