শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

যে ৫ অভিযোগে হচ্ছে শেখ হাসিনার বিচার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ০৪:২৩ পিএম

যে ৫ অভিযোগে হচ্ছে শেখ হাসিনার বিচার

আগামী ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার রায়ের দিন ঘোষণার পর আদালত সূত্রে শেখ হাসিনার বিরুদ্ধে আনীত পাঁচটি মূল অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানা গেছে।

এই পাঁচটি অভিযোগই মূলত ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পর্কিত।প্রথম অভিযোগটি হলো গণভবনের সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য প্রদান।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকারের ঊর্ধ্বতন।

কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদের সহযোগী সন্ত্রাসীরা নিরীহ ছাত্র-জনতার ওপর ব্যাপকভাবে হামলা চালায়।দ্বিতীয় অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই নির্দেশ বাস্তবায়নে ভূমিকা রাখেন বলে অভিযোগ করা হয়।

তৃতীয় অভিযোগটি দায়ের করা হয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘটিত ছাত্র আবু সাঈদ হত্যার ঘটনায়। ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় হাসিনাসহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।চতুর্থ অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চানখাঁরপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয়জনকে হত্যার ঘটনা। এই ঘটনাতেও হাসিনাসহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।

পঞ্চম ও সর্বশেষ অভিযোগটি হলো একই বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা এবং পাঁচজনের লাশ পুড়িয়ে দেওয়া, একইসঙ্গে গুরুতর আহত একজনকে পুড়িয়ে দেওয়ার ঘটনা। এই পাঁচটি গুরুতর অভিযোগে বিচারকার্য শেষে আগামী সোমবার চূড়ান্ত রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। বর্তমানে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।