সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গুমের দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৯:৪২ এএম

গুমের দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুমের দুটি আলোচিত মামলার (টিএফআই এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতন) মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ রোববার ১৩ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হবে।

এই গুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রমকে ঘিরে ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকাজুড়ে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বর ও এর আশেপাশে কড়া নিরাপত্তায় পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর দেখা গেছে।

যে দুটি মামলার বিষয়ে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে সেগুলো হলো: টিএফআই (Task Force for Interrogation) এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতন (JIC Torture)। এসব মামলার পলাতক আসামিদের ট্রাইব্যুনালে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।এর আগে মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

পরবর্তীতে ১১ অক্টোবর সংবাদ সম্মেলনে সেনাবাহিনী ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছিল। গত ২২ অক্টোবর সকালে বাংলাদেশ জেলের একটি বিশেষ প্রিজন ভ্যানে করে সাধারণ পোশাকে ১৫ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয় এবং শুনানির পর তাদের ঢাকা সেনানিবাসের নির্ধারিত সাব-জেলে পাঠানো হয়।ট্রাইব্যুনাল সূত্র অনুযায়ী, আজ রোববার যেসব সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে, তারা হলেন:

র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালকগণ: ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ।অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা: কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (উভয়ই অবসর প্রস্তুতিমূলক ছুটিতে)।

র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালকগণ: লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েল, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম।

ডিজিএফআইয়ের সাবেক পরিচালকগণ: মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।