বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ১২:১৭ পিএম

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুমের দুটি আলোচিত মামলার (টিএফআই এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতন) মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে শুনানির পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দুটি পৃথক দিন ধার্য করেন।

ঘোষণা অনুযায়ী, টিএফআই (Task Force for Interrogation) মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর। আর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতন (JIC) মামলার শুনানি অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর।

এর আগে রোববার সকাল ১০টার দিকে ১৩ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয় এবং এরপরই শুনানি শুরু হয়।এই মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, অভিযুক্ত সেনা অফিসারদের গ্রেপ্তার ও ট্রাইব্যুনালে সোপর্দ করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছে, তেমনি বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীও এই আদালতের (ট্রাইব্যুনালের) বিচারিক প্রক্রিয়াকে সম্পূর্ণ সহযোগিতা করেছে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরবর্তীতে ১১ অক্টোবর সেনাবাহিনী ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানায়। ২২ অক্টোবর বাংলাদেশ জেলের একটি বিশেষ প্রিজন ভ্যানে করে ১৫ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছিল। এসব মামলার পলাতক আসামিদের ট্রাইব্যুনালে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় ইতোমধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।