ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:৪৩ পিএম
রাজশাহীতে নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।আজ রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া নোটিশটি পাঠান।
নোটিশে সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়াসহ সারাদেশে অরক্ষিত নলকূপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এছাড়া, নোটিশে বলা হয় যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী, জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে, ১৫ দিনের মধ্যে একাধিক নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।উল্লেখ্য, গত বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে শিশু সাজিদ গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায়। খড় দিয়ে ঢাকা থাকার কারণে সাজিদের মা জানতেন না যে খড়ের নিচেই রয়েছে একটি অরক্ষিত গভীর নলকূপের গর্ত।
হাঁটার সময় হঠাৎ সাজিদ গর্তে পড়ে যায়।স্থানীয়রা জানান, গত বছর স্থানীয় এক ব্যক্তি গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করে পানি না পাওয়ায় পাইপটি পরিত্যক্ত অবস্থায় মুখ খোলা রেখেই ফেলে রাখা হয়। কোনো সতর্কতামূলক ব্যবস্থা বা ঢাকনা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন