ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:২২ পিএম
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে আজ সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় আদালতের কাঠগড়ায় তোলা হয়েছে। এসময় কাঠগড়ায় তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। পুলিশ তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে।
সোমবার সন্ধ্যা ৫টা ২৮ মিনিটের দিকে তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। এ সময় তার হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়।
৫টা ৩২ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতের কাঠগড়ায় তোলা হয়। কাঠগড়ায় হাজিরের পর তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলেন এবং এরপরই অঝোরে কাঁদতে থাকেন।
গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন:মারিয়া কিসপট্টা (ফ্যাশন মডেল)ইমতু রাতিশ ইমতিয়াজ (উপস্থাপক)সাংবাদিক আনিস আলমগীরকে গতকাল রাতে রাজধানীর ধানমন্ডির ২ নম্বরের একটি জিম থেকে বের হওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামিরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টেলিভিশন টকশোতে বসে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার গুজব (প্রপাগান্ডা) চালিয়ে আসছেন।অভিযোগে আরও বলা হয়, এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করছেন। এসব পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান ৭ দিনের রিমান্ডের আবেদন করেছেন। বর্তমানে তার মামলার রিমান্ড শুনানি চলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন