রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:২৩ পিএম

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের দাবি জানিয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁর আইনজীবী মনসুরুল হক চৌধুরী এই আবেদনটি করেন।

চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আবেদনটি নথিভুক্ত করে আগামী ২৪ ডিসেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা, উসকানি, ষড়যন্ত্র এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে সমর্থনের মতো মোট ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে ইনুর বিরুদ্ধে। গত ২ নভেম্বর এই মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়।

আজ শুনানির শুরুতে প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন কুষ্টিয়ার মোটরসাইকেল মেকার ফরহাদ হোসেন। জবানবন্দিতে তিনি বলেন:গত বছর ৪ আগস্ট আমার ডান চোখে গুলি লাগে। ৫ আগস্ট জানতে পারি কুষ্টিয়ায় আন্দোলনে ৬ জন মারা গেছে। আমার চোখে এখনো পিলেট আছে, প্রতিনিয়ত চোখে জেল দিয়ে রাখতে হয়।"পরে আসামিপক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করেন।

জেরা শেষে ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন।সাধারণত স্পর্শকাতর মামলার বিচারকাজে গোপনীয়তা রক্ষা করা হলেও, স্বচ্ছতার খাতিরে ইনু এই আবেদন করেছেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এই মামলায় হাসানুল হক ইনুই একমাত্র আসামি। আজ সাক্ষ্যগ্রহণের সময় তাঁকে কারাগার থেকে এনে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়।