ডিসেম্বর ১৮, ২০২৫, ০৩:৫৪ পিএম
ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টেলিজেন্স সেল (জেআইসি) বা কথিত ‘আয়নাঘরে’ গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালকসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে এই বিচার শুরুর আদেশ দেন।ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই ঐতিহাসিক আদেশ প্রদান করেন।
প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
পলাতক ১০ আসামির মধ্যে পাঁচজনই বিভিন্ন সময়ে ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁরা হলেন:
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন
মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম
লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী
মেজর জেনারেল (অব.) হামিদুল হক
বাকি আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলামসহ আরও কয়েকজন উচ্চপদস্থ সাবেক সেনা কর্মকর্তা।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে জেআইসি সেলে সরকারবিরোধী লোকদের গুম রাখা ও অমানবিক নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দেন। তিনি ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ২৬ জনের বীভৎস পরিস্থিতির চিত্র তুলে ধরেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেন।
এই মামলায় গ্রেপ্তার হওয়া তিন সেনা কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক আসামিদের জন্য ইতোমধ্যে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়ে জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না নিয়োগ পেলেও পরবর্তীতে শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব প্রত্যাহার করেন এবং মো. আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়।এই আদেশের মধ্য দিয়ে গুম ও রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে হওয়া নির্যাতনের ঘটনায় দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন