ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:৪৭ এএম
আওয়ামী লীগ শাসনামলে র্যাবের টিএফআই সেলে ১৪ জনকে গুম ও নির্যাতনের চাঞ্চল্যকর মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল এই গুরুত্বপূর্ণ আদেশ দেবেন।
একই সাথে আসামিপক্ষ থেকে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন করা হয়েছে, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবেন আদালত।
এই মামলার মাধ্যমে গুম ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারে বড় ধরনের অগ্রগতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞরা।
মামলার বিবরণ অনুযায়ী, মোট ১৭ জন আসামির মধ্যে ১০ জন বর্তমানে গ্রেফতার রয়েছেন। তারা সবাই সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, যার মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল ও কর্নেল পদমর্যাদার অফিসারও রয়েছেন। এই কর্মকর্তাদের বর্তমানে ঢাকা সেনানিবাসের একটি বিশেষ ভবনে রাখা হয়েছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী সাময়িক কারাগার হিসেবে ঘোষিত। অন্যদিকে, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সাতজন আসামি এখনো পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এর আগে গত ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৃথক দুটি মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। এরপর ১১ অক্টোবর সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে জানায় যে, অভিযুক্ত ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জনকে তারা হেফাজতে নিয়েছে। আজকের আদেশের মাধ্যমে নির্ধারিত হবে এই মামলায় আনুষ্ঠানিক বিচার কাজ কোন পর্যায়ে যাবে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলো এই বিচারের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন