বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

সাবেক মেয়র আতিক ও তার স্ত্রী-কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৫:২৯ পিএম

সাবেক মেয়র আতিক ও তার স্ত্রী-কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম, তাঁর স্ত্রী শায়লা শগুফতা ইসলাম এবং কন্যা বুশরা আফরিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক মো. সাইফুজ্জামান এই নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টেন্ডারে অনিয়ম এবং মশার ওষুধ ছিটানোর যন্ত্র ক্রয়ে দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ অপচয়ের অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধানে দেখা গেছে, আতিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিদেশেও বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগ রয়েছে যে, তদন্তাধীন অবস্থায় তাঁরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার এবং সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। তাঁরা বিদেশে পালিয়ে গেলে সুষ্ঠু অনুসন্ধান প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে আদালতকে জানানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৬ অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। আজকের এই আদেশের ফলে তাঁর পাশাপাশি পরিবারের অন্য দুই সদস্যও আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দেশের বাইরে যেতে পারবেন না। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের এই অভিযোগটি বর্তমানে দুদক অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।