জানুয়ারি ১২, ২০২৬, ১১:৩৫ এএম
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ সোমবার (১২ জানুয়ারি) অভিযোগ (চার্জ) গঠনের আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই গুরুত্বপূর্ণ আদেশ ঘোষণা করবেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে সালমান ও আনিসুলের বিরুদ্ধে ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি দেওয়া এবং গত ১৯ জুলাই এক ফোনালাপে আন্দোলনকারীদের 'শেষ করে দেওয়ার' নির্দেশ দেওয়া।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালে সেই অডিও রেকর্ড জমা দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আবেদন জানিয়েছেন। ইতিপূর্বে গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল এই অভিযোগগুলো আমলে নিয়েছিলেন।অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী এই অডিও রেকর্ডটি তার মক্কেলদের নয় বলে দাবি করেছেন এবং বিদেশি বিশেষজ্ঞের মাধ্যমে তা পরীক্ষা করার আবেদন জানিয়েছিলেন, যা আদালত নাকচ করে দেন।
আজ অভিযোগ গঠনের আদেশ হলে আনুষ্ঠানিকভাবে তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় নির্বিচারে ছাত্র-জনতা নিহতের ঘটনায় এই দুই প্রভাবশালী নেতাকে অন্যতম পরিকল্পনাকারী হিসেবে দায়ী করছে প্রসিকিউশন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন