জানুয়ারি ১৩, ২০২৬, ০২:৩০ পিএম
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে রায়ের দিন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলমের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
একই আদালতে শেখ হাসিনা, রাদওয়ান মুজিব ববি সিদ্দিকী ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা অপর একটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান।
এখন পর্যন্ত মামলাটিতে ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আমরা সাক্ষ্য-প্রমাণ দ্বারা মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আশা করছি, রায়ে আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবেন।ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিরা:
| আসামির নাম | পদবি/পরিচয় |
|---|---|
| শেখ হাসিনা | সাবেক প্রধানমন্ত্রী |
| টিউলিপ সিদ্দিক | শেখ রেহানার মেয়ে |
| আজমিনা সিদ্দিক | টিউলিপের বোন |
| কাজী ওয়াছি উদ্দিন | সাবেক সচিব |
| শরীফ আহমেদ | সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী |
| মোহাম্মদ সালাহ উদ্দিন | সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ |
এছাড়াও আসামির তালিকায় রয়েছেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ এবং রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন