ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০১:১০ পিএম
জুলাই বিপ্লবে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনাল-২ এই আদেশ প্রদানের মাধ্যমে মামলার বিচার কাজ শুরুর নির্দেশ দেন। একইসঙ্গে আদালতের পক্ষ থেকে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন এবং প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ডের জন্য আগামী ২৯ মার্চ দিন ধার্য করা হয়েছে।
সকালে এই মামলার গ্রেপ্তারকৃত দুই আসামি যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান ও তৎকালীন ওসি (তদন্ত) জাকির হোসেনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলার অন্য ৯ আসামি বর্তমানে পলাতক রয়েছেন। যাদের মধ্যে অন্যতম ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। এছাড়া ওয়ারী জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, ডেমরা জোনের সাবেক এডিসি মো. মাসুদুর রহমান মনিরসহ আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
পলাতক থাকা বাকি পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।আদালতে শুনানির সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তাইম হত্যার পৈশাচিক বিবরণ তুলে ধরেন। তিনি জানান, ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে খুব কাছ থেকে গুলি চালিয়ে কিশোর তাইমকে হত্যা করা হয়।
প্রসিকিউশন পক্ষ থেকে আরও জানানো হয় যে, গুলিবিদ্ধ তাইমকে যখন তার বন্ধু রাহাত উদ্ধার করে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, তখন পুলিশ পুনরায় গুলি চালিয়ে তাকেও বাধা দেয় এবং আহত অবস্থায় তাইমকে রাস্তায় ফেলে যেতে বাধ্য করে। ঘটনার সময় আসামিদের নির্দেশ, উসকানি এবং প্রত্যক্ষ সম্পৃক্ততার সপক্ষে পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলে প্রসিকিউটর দাবি করেন। সবদিক বিবেচনা করে আদালত আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন