ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০১:২৭ পিএম
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ হিসেবে আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামীরা হক, খলনায়ক ডন এবং ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জন আসামির বিরুদ্ধে এই তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল।
কিন্তু নির্ধারিত দিনে তদন্তকারী কর্মকর্তা কোনো রিপোর্ট জমা দিতে না পারায় আদালত এই সময় বাড়ানোর আদেশ দেন।বাদীপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ জানিয়েছেন যে, রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার এদিন আদালতে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হন।
এর আগে গত ২০ অক্টোবর সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছিলেন আদালত। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে এই জনপ্রিয় নায়কের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
দীর্ঘ প্রায় তিন দশক ধরে চলা এই আইনি লড়াইয়ে সিআইডি এবং পিবিআই একাধিকবার তদন্ত শেষ করে ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করলেও সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই একে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে আসছেন।ঘটনার পর ১৯৯৭ সালে প্রথম সিআইডির তদন্তে এটি আত্মহত্যা হিসেবে উঠে আসলেও পরিবার তা প্রত্যাখ্যান করে নারাজি আবেদন জানায়।
পরবর্তীতে বিচার বিভাগীয় তদন্তেও একই ফলাফল পাওয়া গেলে নীলা চৌধুরী উচ্চ আদালতে রিভিশন মামলা দায়ের করেন। ২০২২ সালের ১২ জুন আদালত মামলাটি পুনরায় সচল করার আদেশ দেন। বর্তমান তদন্তের মাধ্যমে দীর্ঘদিনের এই রহস্যের জট খুলবে বলে প্রত্যাশা করছেন সালমান শাহর ভক্ত ও তার পরিবার। নতুন করে তদন্ত শুরুর পর থেকেই বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন