মার্চ ৮, ২০২৬, ০১:৩০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার মামলার শুনানি গ্রহণ করে বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
একই সঙ্গে সংশ্লিষ্ট আসনগুলোতে বিজয়ী ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে নোটিশ ইস্যু করা হয়েছে। আদালত এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ জুন দিন ধার্য করেছেন।
এর আগে ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন এবং ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী আমিনুল হক নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আবেদনে তারা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ভোট পুনর্গণনার দাবি জানান। আদালত তাদের আবেদনটি আমলে নিয়ে নির্বাচনি নথিপত্র সংরক্ষণের এই নির্দেশ দেন।
আইন বিশেষজ্ঞদের মতে, এর ফলে সংশ্লিষ্ট নথিপত্র নষ্ট বা পরিবর্তন করার সুযোগ বন্ধ হলো যা সুষ্ঠু বিচার প্রক্রিয়ার জন্য সহায়ক হবে।উল্লেখ্য যে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগ শুনানির জন্য হাইকোর্টে এই নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়।
ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এখন পর্যন্ত বিএনপির আট জন, জামায়াতে ইসলামীর সাত জন এবং একজন স্বতন্ত্র প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার নির্বাচনি সরঞ্জামাদি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচার বিভাগীয় এই নজরদারির ফলে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভোটারদের মধ্যে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন