এপ্রিল ২, ২০২৬, ০৩:৫২ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পূর্বনির্ধারিত তারিখ ছিল।
তবে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি নির্দিষ্ট সময়ে প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই তারিখ নির্ধারণ করেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীদের হামলার শিকার হন ওসমান হাদি। প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে পালিয়ে যায় ঘাতকরা।
এই চাঞ্চল্যকর ঘটনার দুই দিন পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। প্রাথমিক এজাহারে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছিল।গুরুতর আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে দীর্ঘ লড়াই শেষে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর পর ২০ ডিসেম্বর তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলাটিতে ৩০২ ধারা অর্থাৎ হত্যার অভিযোগ সংযোজনের নির্দেশ দেন। এরপর গত ৬ জানুয়ারি মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।তবে ডিবি পুলিশের দেওয়া ওই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করেন মামলার বাদী আব্দুল্লাহ আল জাবের। চার্জশিটটি অসম্পূর্ণ দাবি করে ১৫ জানুয়ারি আদালতে একটি নারাজি আবেদন দাখিল করেন তিনি।
আদালত বাদীর সেই আবেদনটি গ্রহণ করে মামলার অধিকতর তদন্তের ভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির কাছে হস্তান্তর করেন। সিআইডির পক্ষ থেকে বর্তমানে বিষয়টির গভীর তদন্ত চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার নেপথ্যে থাকা কুশীলবদের শনাক্ত করতে সিআইডি কাজ করছে। ১৯ এপ্রিলের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্যে তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছে সংস্থাটি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন