এপ্রিল ২২, ২০২৬, ১০:১৩ এএম
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক ও সহিংসতার মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর হলেও এখনো তাঁর কারামুক্তি মেলেনি। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় আদালত থেকে জামিনের আদেশ এলেও প্রয়োজনীয় নথিপত্রে বিচারকের স্বাক্ষর এবং দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় পুরো রাতটি তাঁকে দেড় মাসের শিশুসহ কারাগারেই কাটাতে হয়েছে।
আদালত ও আইনজীবীদের সূত্রমতে, আজ বুধবার (২২ এপ্রিল) যেকোনো সময় তাঁর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।এর আগে মঙ্গলবার দুপুরে শিল্পী বেগমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রথমে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই সিদ্ধান্তের পর আদালত প্রাঙ্গণে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। দেড় মাস বয়সী কন্যাশিশুকে কোলে নিয়ে শিল্পী বেগম আদালতের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন এবং সেখানেই শিশুকে দুধ খাওয়ান। পরে ওই অবস্থায় তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
তবে ওই দিনই বিকেলের দিকে আইনজীবীদের পক্ষ থেকে পুনরায় জামিনের আবেদন করা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মানবিক বিবেচনায় ৫ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি অভিযোগ করেছেন, শিল্পী বেগমকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। তিনি দাবি করেন, যে মামলার ঘটনায় শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
শিল্পী বেগমের সিজারিয়ান অস্ত্রোপচার পরবর্তী শারীরিক জটিলতা এবং তাঁর দুগ্ধপোষ্য শিশুর কথা বিবেচনা করে আদালত জামিন দিলেও দাপ্তরিক বিলম্বের কারণে মুক্তি প্রক্রিয়া পিছিয়ে গেছে। মঙ্গলবার রাতের মধ্যে জামিননামা কারাগারে না পৌঁছানোয় মা ও শিশুকে আরও একটি রাত কারাবন্দি থাকতে হলো।মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাসায় হামলার অভিযোগে শিল্পী বেগমের বিরুদ্ধে এই মামলা করা হয়।
অভিযোগ রয়েছে, গত বছরের ২৩ জুলাই শিল্পীর নির্দেশে শতাধিক সশস্ত্র ব্যক্তি ওই শিক্ষার্থীর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এই ঘটনার দীর্ঘ সময় পর ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। শিল্পী বেগমকে গত সোমবার সন্ধ্যায় তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাঁর পরিবার ও আইনজীবীরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে তাঁর কারামুক্তির অপেক্ষায় রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন