মে ৩, ২০২৬, ১২:৪৯ পিএম
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম খন্দকার তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার (৩ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম খন্দকারের পদত্যাগপত্রটি ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আসন্ন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যেই তিনি এই পদত্যাগ করেছেন বলে জানা গেছে।রেজাউল করিম খন্দকার আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ থেকে সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি পদে থেকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নেন।উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অধীনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে মো. রেজাউল করিম খন্দকার নিয়োগ পেয়েছিলেন।
নিয়োগ পাওয়ার পর থেকে তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। এখন তিনি বার নির্বাচনে সংগঠনের হয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের মতে, পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ে পৌঁছানোর পর তা গ্রহণের দাপ্তরিক প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট পদে নতুন কাউকে নিয়োগের বিষয়টিও এখন সরকারের বিবেচনায় আসতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন