মে ১৮, ২০২৬, ০৫:০৫ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫ আগস্ট শেখ রেহানা ও সালমানের ফোনালাপ শোনানো হয়েছে। জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার শুনানিতে সোমবার এই অডিও রেকর্ডটি উপস্থাপন করা হয়। এজলাসে বসে নিজের এই কথোপকথন অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান।
ফোনালাপে শেখ রেহানাকে বারবার সালমান এফ রহমানকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার তাগিদ দিতে শোনা যায়।প্রায় ২ মিনিট ৯ সেকেন্ডের ওই অডিও রেকর্ডে শেখ রেহানা ফোন করে সালমানকে বাসায় থাকতে নিষেধ করেন।
তারা অন্য জায়গায় চলে গেছেন জানিয়ে রেহানা বলেন, ববি ও টিউলিপ হাসিনাকে কনভিন্স করেছে। সালমান এফ রহমান জানতে চান আনিসুল হককেও সঙ্গে বের করে নেবেন কি না। এ সময় শায়ান ও জয়ের কথা মতো এক সেকেন্ডও দেরি না করে দ্রুত এলাকা ছাড়তে বলা হয়। সামরিক আইন জারির বিষয়ে সালমান প্রশ্ন করলে রেহানা সেটি বাদ দিয়ে তাকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেন।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। নবম সাক্ষী হিসেবে সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ উপপরিদর্শক আতিকুর রহমান আদালতে জবানবন্দি দেন। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদারসহ অন্যরা উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী জেরার জন্য সময় চাইলে আদালত আগামী ৮ জুন পরবর্তী দিন ধার্য করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন