রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ০৬:৫৯ পিএম

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী পাঁচ আগস্ট রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এই রাজনৈতিক কর্মসূচির আয়োজন করেছে। সমাবেশ শেষে আয়োজিত গণমিছিলে দলের কেন্দ্রীয় আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সরাসরি নেতৃত্ব দেবেন।

পুরাতন পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।শনিবার দুপুরে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতৃবৃন্দের ওই যৌথসভায় সভাপতিত্ব করেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। সভাপতির বক্তব্যে তিনি জানান, বিগত চব্বিশ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে ইসলামী আন্দোলনের আমির দলীয় অস্তিত্ব বাজি রেখে মাঠে সক্রিয় ছিলেন। 

আগামী পাঁচ আগস্টের কর্মসূচিকে ‘জুলাইয়ের অবিনশ্বর শক্তির পুনঃপ্রদর্শন’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়নের দাবিতে সেদিন রাজধানীর রাজপথ মুখরিত হবে।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী বুধবার সকাল ১১টায় পল্টন মোড়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। জোহরের নামাজের ঠিক আগে সমাবেশ শেষ করে সেখান থেকে একটি বর্ণাঢ্য গণমিছিল বের করা হবে। 

পুরো কার্যক্রমে দলের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।যৌথসভায় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত থেকে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।