রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের কড়া নিরাপত্তা

জাতীয় ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ১২:১৭ পিএম

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের কড়া নিরাপত্তা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা রাষ্ট্রবিরোধী কোনো মহল যাতে এই দিনটিতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, মূলত সেদিকে লক্ষ্য রেখেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে বাহিনীর সদস্যরা।

নিরাপত্তা নিশ্চিতে আজ মঙ্গলবার দিবাগত রাত থেকেই অনুষ্ঠানস্থল, রোডমার্চের রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে নজরদারি বাড়ানো হচ্ছে।র‍্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি গভীরভাবে পর্যালোচনা করে এই ছক সাজিয়েছে। ইউনিফর্ম পরিহিত নিয়মিত টহল দলের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানকেন্দ্রে সাদা পোশাকে বিপুলসংখ্যক গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা ঠেকাতে এলাকাভিত্তিক সোর্স নিয়োগের মাধ্যমে আগাম তথ্য সংগ্রহের কাজ চলছে।

রাজপথের পাশাপাশি ভার্চুয়াল জগতেও নজরদারি বাড়িয়েছে বাহিনীটি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেউ যাতে উসকানিমূলক পোস্ট বা গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করতে না পারে, সেজন্য জোরদার করা হয়েছে সাইবার পেট্রোলিং কার্যক্রম।

মূলত দিবসটির সাত দিন আগে থেকেই সারা দেশে এই বিশেষ নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা চলমান রয়েছে। সর্বস্তরের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে তারা বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।