মে ২১, ২০২৬, ১২:৫৭ পিএম
অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর মাধ্যমে সরকারের অতীত কার্যক্রম নিয়ে আইনি পর্যালোচনার পথ আপাতত বন্ধ হলো।
এর আগে গত রোববার (১৭ মে) এই রিট আবেদনটি আদালতে দায়ের করা হয়েছিল।ওই দিন প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আজকের দিনটি ধার্য করেছিলেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশিদ।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। শুনানির সময় অ্যাটর্নি জেনারেল সরকারের নির্দেশনা জেনে আদালতে বক্তব্য উপস্থাপনের কথা জানিয়েছিলেন।আবেদনকারীদের অভিযোগ ছিল, গত ১৮ মাসে দেশের সর্বক্ষেত্রে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আইনজীবী এম কে রহমান জানান, অর্থনীতি ও স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে সরকারের কর্মকাণ্ডের মূল্যায়নের জন্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটি তদন্ত কমিশন গঠন করা বাঞ্ছনীয় ছিল। তাদের উদ্দেশ্য ছিল ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। তবে আদালত সব পক্ষের যুক্তি বিশ্লেষণ করে শেষ পর্যন্ত রিটটি খারিজের সিদ্ধান্ত নিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন