রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

আরেক হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৫:৪৩ পিএম

আরেক হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার এক নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে। শনিবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এই আদেশ দেন। 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।তদন্ত কর্মকর্তা গত ১৬ মে আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন।

আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই বিচারপতি খায়রুল হককে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তবে গত ১৭ মে হাইকোর্ট এক আদেশে সাবেক এই প্রধান বিচারপতিকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না করতে ও হয়রানি না করতে নির্দেশনা দিয়েছিলেন। 

গত ১২ মে তিনি দুটি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন, যার ফলে তাঁর কারামুক্তিতে কোনো বাধা ছিল না।রাষ্ট্রপক্ষ সেই জামিন আদেশ স্থগিত চেয়ে ইতিমধ্যে আপিল বিভাগে আবেদন করেছে।চলতি বছরের ২৮ এপ্রিল যুবদলকর্মী হত্যা ও তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতিসহ পাঁচটি মামলায় তাঁর জামিন বহাল রেখেছিলেন আপিল বিভাগ। 

নতুন এই মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী ওভারব্রিজের নিচে আন্দোলনকারীদের ওপর হামলায় খোবাইব নামে এক তরুণ নিহত হন। এই ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করে একটি মামলা করেন, যেখানে নতুন করে খায়রুল হককে যুক্ত করা হলো।