জুন ১০, ২০২৬, ০১:৪১ পিএম
তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত বুধবার (১০ জুন) এই রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় ক্রিকেটার নাসির ও তার স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেয়।
এর আগে গত ৬ মে মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছিল। আদালত সে সময় রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। শুনানিতে বাদীপক্ষের আইনজীবী আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছিলেন। আসামিপক্ষের আইনজীবী অবশ্য তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির পৃথক ধারার আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি বলে রায়ে উল্লেখ করা হয়েছে
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে অভিযোগ ওঠে, আগের স্বামীকে আইনগতভাবে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা। এই ঘটনায় তামিমার আগের স্বামী রাকিব হাসান ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর পিবিআই আদালতে প্রতিবেদন জমা দেয়। পরে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই মামলার রায় ঘোষণা করা হলো।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন