জুন ১৫, ২০২৬, ১০:১৪ এএম
জুলাই বিপ্লবে রাজধানীর মোহাম্মদপুরে ফারহান ফাইয়াজ ও মাহমুদুল রহমান সৈকতসহ ৯ জনকে হত্যার ঘটনায় আজ বিচার শুরু হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে এই বিচারকাজ চলবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
গত ৮ জুন বিচার শুরুর তারিখ থাকলেও তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।গত ১০ মে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। ওই দিন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে প্রসিকিউশনের আনা ৩টি অভিযোগ পড়ে শোনানো হয়। ট্রাইব্যুনালে উপস্থিত ৪ আসামি নিজেদের নির্দোষ দাবি করেন।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার এই ৪ নেতা নাঈমুল হাসান রাসেল, সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বিকে আজ কারাগার থেকে হাজির করা হয়েছে।মামলার আসামিদের মধ্যে ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের বেশ কয়েকজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। প্রথম অভিযোগে বলা হয়েছে, হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তার মাধ্যমে চাইনিজ রাইফেল ব্যবহারের নির্দেশ দেন এবং ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর থানা অস্ত্রাগারের গুলি ব্যবহার করে ফারহান ফাইয়াজকে হত্যা ও একজনকে গুরুতর জখম করা হয়।
দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই বিপ্লব কুমার সরকার ও রৌশানুল হক সৈকতের নেতৃত্বে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বসিলা এলাকায় নির্বিচারে গুলির কথা উল্লেখ রয়েছে। এতে রিকশাচালক মাহিন মিয়া ও রনি নিহত হন। তৃতীয় অভিযোগে ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় আল শাহরিয়ার হোসেন রোকনসহ ৬ জনকে গুলি করে হত্যা এবং অন্তত ৮ জনকে গুরুতর জখম করার কথা বলা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন