শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০৩:১৭ পিএম

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার জনস্বার্থে এই রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।

হাসপাতালের লাইসেন্স বাতিলের পাশাপাশি ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্সটিও রিট আবেদনে চ্যালেঞ্জ করা হয়েছে।গত ১১ জুন মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তাদের লাইসেন্স বাতিল করে সরকার। 

গত ২৭ মে ঈদের সকালে হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে পর পর এই নবজাতক মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকা এবং বিকল্প ভেন্টিলেশন সুবিধার অভাবকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিলের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল। এখন বিষয়টি আইনি লড়াইয়ের দিকে মোড় নেওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আদালতের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে সংশ্লিষ্ট সবাইকে।