জুলাই ১৫, ২০২৬, ০৩:৫২ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ আগস্ট নতুন দিন ধার্য করেছেন। এ নিয়ে মামলাটিতে মোট ১৮ বারের মতো প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়ানো হলো।বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, এ দিন অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সি.আই.ডি.) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় নতুন এই তারিখ নির্ধারণ করা হয়েছে।এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ডিবির দেওয়া আগের অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে আদালতে নারাজি আবেদন করেছিলেন।
শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।উল্লেখ্য, এর আগে গত ৬ জানুয়ারি হাদি হত্যা মামলায় গোয়েন্দা পুলিশ অভিযোগপত্র দাখিল করেছিল। এতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী ও ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজন পলাতক রয়েছেন।মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছরের ১৩ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে জুমার নামাজ আদায় করেন শরিফ ওসমান হাদি।
এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটের দিকে অটোরিকশায় থাকাকালীন পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।এ ঘটনায় গত বছরের ১৪ ডিসেম্বর পল্টন থানায় প্রথমে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছিলেন আবদুল্লাহ আল জাবের। পরবর্তীতে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন