আগস্ট ১০, ২০২৬, ০৪:৩৮ পিএম
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এই রিমান্ডের আদেশ প্রদান করেন।
এর আগে গত পাঁচ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছিল।পরদিন ছয় আগস্ট তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। ওই সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। সেদিন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং সোমবারের দিন রিমান্ড শুনানির জন্য নির্ধারণ করেছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায় যে গত আঠারো জুন রাজধানী মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন ইউটার্নে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের কতিপয় সদস্য অবৈধভাবে মিছিল বের করে। এ সময় তারা বর্তমান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায়।উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন